বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। চলতি বছরেও দেশটি এক নম্বরে অবস্থান করছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশের সুবিধা পাচ্ছেন।
তবে আগের বছরের তুলনায় কিছু পরিবর্তন এসেছে। ২০২৫ সালে সিঙ্গাপুরের নাগরিকরা পাকিস্তান, মৌরিতানিয়া, সোমালিয়া ও বলিভিয়ায় ভিসা ছাড়াই প্রবেশ করতে পারলেও এ বছর সে সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে পাপুয়া নিউগিনিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ যুক্ত হয়েছে।
এদিকে তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক, স্থিতিশীল অর্থনীতি এবং বৈশ্বিক আস্থার কারণেই জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট এমন উচ্চ অবস্থানে রয়েছে। এ অবস্থান এশিয়ায় দেশ দুটির প্রভাব, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 


















