৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব।
বুধবার (২৮ জানুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)–এ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ৪ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর তা শেষ হয়।
এদিকে নির্বাচনকালীন সময়ে পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে হাইকোর্টে দায়ের করা এই রিটের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন পরীক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক 






















