বগুড়ার দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারীকরণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় এবং শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়কে ২৫ আগস্ট থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়কে ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়’ নামে সরকারীকরণ করা হয়েছে।
দুটি প্রজ্ঞাপনেই উল্লেখ করা হয়েছে, প্রচলিত বিধিবিধান অনুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।
দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের ফলে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
মোছাঃ নাজমুন নাহার রুমকী 








