ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে ইতালির দক্ষিণাঞ্চল। পরিস্থিতির ক্রমাবনতির কারণে কালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২৭ জানুয়ারি) জরুরি অবস্থা জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সিসিলির নিসেমি শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত ১ হাজার ৫০০ বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের ফলে শহরটির স্বাভাবিক জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।
ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি জানান, ভূমিধসের রেখা শহরের কেন্দ্রের দিকে এগিয়ে আসায় ঝুঁকি বিবেচনায় ‘সেফটি বাফার জোন’ ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। বর্তমানে ভূমিধসের প্রভাব প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো সতর্ক করে বলেন, ভূমিধস এখনও থামেনি এবং এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা, ধ্বংসাবশেষ অপসারণ ও প্রয়োজনীয় সেবা দ্রুত পুনরুদ্ধারে জাতীয় জরুরি তহবিল থেকে ১০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইতালি সরকার।
নিজস্ব প্রতিবেদক 












